২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের ফাঁদ পেতে অপহরণ, টাকা দিয়ে মুক্তি

অপহরণের চারদিন পরে ২৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে এক কলেজ ছাত্রকে ফিরে পেয়েছে তার পরিবার।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 01:46 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

আর পরে অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় তারই চাচাতো ভাই, মোবাইল ফোনে পরিচিত এক মেয়ে বন্ধুসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।     

গত ৮ এপ্রিল রাজধানীর মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মীর রেদওয়াদ আহমেদ রাজিবকে অপহরণের বিষয়টি প্রথমে তার পরিবার র‌্যাবকে জানিয়েছিল।

পরে র‌্যাবকে না জানিয়েই মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয় রাজিবকে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের চারদিনের মাথায় ১১ এপ্রিল টাঙ্গাইলের মাটিকাটা এলাকা থেকে তার পরিবার ২৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ফিরিয়ে আনেন।

 “রাজিব উদ্ধারের আগে তার বাবা মীর রনজু র‌্যাবের সাহায্য চাইলে র‌্যাব তাকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে আসছিল। তবে তারা র‌্যাবকে না জানিয়েই মুক্তিপণ দিয়ে রাজিবকে উদ্ধার করে।”

তিনি জানান, অপহরণের ওই চারদিন রাজিবকে নৌকায় রাখা হয়েছিল। সেখানেই তার কাছে পৌঁছে যেত প্রতিদিনের খাবার। কেবল অপহরণকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল। তার সঙ্গে সবার যোগাযোগ বন্ধ ছিল।

তবে রাজিবকে উদ্ধারে র‌্যাবের সঙ্গে তার বাবা মীর রনজুর কথোপকথনের বিষয়টি আগেই জেনে ফেলছিল অপহরণকারীরা।

এই ব্যাপারটি নিয়েই নতুন করে ভিন্ন আঙ্গিকে তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে, রাজিব অপহরণের দিনই তার চাচাতো ভাই মীর নোমান সালেহিন তরুণ তাদের টঙ্গীর বাড়িতে আসেন।

মীর রনজু যখন রাজিব উদ্ধারের আগে উৎকন্ঠায় সময় পার করছিলেন তখন তিনি তরুণের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতেন। আর সেটিই তরুণ জানিয়ে দিত অপহরণকারীদেরকেও।

র‌্যাব কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান জানান,  উদ্ধারের পরও রাজিবের পরিবার এবং র‌্যাবের সদস্যরা তরুণের গতিবিধির ওপর নজর রাখছিলেন।

২৬ এপ্রিল অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ডেমরার শারুলিয়া বাজার থেকে মো. মাসুদ রানা এবং মো.রাজীব ওরফে আকাশকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী, টাঙ্গাইলের নাগরপুর থেকে তার চাচাতো ভাই তরুণ,  ভূয়াপুর থেকে মো. মোফাজ্জল হোসেন,  শ্বশুয়ার চর থেকে মো. এরশাদ আলী, মো.আব্দুর রাজ্জাক, লেবু মিয়া,  মো.ওসমান গনি এবং টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে সুমাইয়া সারমিন মোনামীকে আটক করে।

তাদের থেকে সাত লাখ টাকা উদ্ধারও করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুদ রানা এবং তরুণ র‌্যাবের কাছে স্বীকার করেছে ফেব্রুয়ারি মাসে তারা রাজিবকে ‘টাকার প্রয়োজনে’ অপহরণের পরিকল্পনা করে।

রাজিবের বাবা মীর রনজু সেসময় একটি প্রাইভেটকার কিনে ভাড়ায় চালানোর জন্য ১৩ লাখ টাকা সংগ্রহ করেছিলেন জানতে পেরেই তারা রাজিবকে অপহরণের পরিকল্পনা করেছিল বলে জানান এটিএম হাবিবুর রহমান।

ফ্লেক্সিলোড থেকে পরিচয়

ছয়মাস আগে রাজিবের মোবাইলে ৫০ টাকা ফ্লেক্সিলোড এসেছিল। এরপর একটি নম্বর থেকে একটি মেয়ে তাকে ফোন করে বলে, ভুলে আপনার নম্বরে টাকা চলে গিয়েছে। পারলে ফেরত দেবেন।

টাকাটা ফেরত দেবার পরও প্রায়ই মিসকল আসতো মেয়েটির নম্বর থেকে। ধীরে ধীরে পরিচয় এরপর বন্ধুত্ব গড়ে উঠে তার সঙ্গে রাজিবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজিব বলেন, “ও আমাকে বলেছিল, আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। নাম মনামী।

“একমাস কথা বলার পর ও নিজে আমার সঙ্গে দেখা করতে চায়। আমাকে আশুলিয়ায় দেখা করতে বলেছিল।আমি তাকে বিমানবন্দরের সামনে দেখা করতে বলি।”

“এরপর ৮ এপ্রিল সেখানে দুপুরের পর দেখা করতে গেলে কয়েক যুবক আমাকে জোর করে মাইক্রোবাসে তুলে। আমার মোবাইল কেড়ে নেয়। আমাকে নিয়ে ওরা দুই ঘন্টার মধ্যে ঢাকা থেকে বের হয়।”

“এরপর একটা বনের মতো জায়গায় প্রায় একঘন্টা হাঁটানোর পর নৌকায় তোলে। সেখানেই আমাকে রাখা হয়েছিল।”

তিনি বলেন, “১১ এপ্রিল হয়তো বাবার কাছ থেকে অপহরণের টাকা পেয়ে আমাকে নদী পার করে দেয়। যমুনা সেতু এলাকা থেকে বাবা আমাকে রাতে টঙ্গীর বাসায় নিয়ে আসেন।”

র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন, মনামীর সঙ্গে আগে থেকেই রাজিবের চাচাতো ভাই তরুণ ও মাসুদ রানার যোগাযোগ ছিলো। এদের দুইজনের সঙ্গেও মোনামীর বন্ধুত্ব ছিলো।

এটিএম হাবিবুর রহমান বলেন, “মনামীকে দিয়েই অপহরণকারীরা রাজিবকে অপহরণের ফাঁদ তৈরি করতে পুরো ঘটনা সাজিয়েছিলো বলে মনে করছি।”

তিনি জানান, মনামী প্রিপারেটরি স্কুলের ছাত্রী নয়। সে টাঙ্গাইলের একটি কলেজ থেকে দুবার এইচএসসি পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি।  

ছেলেকে বাঁচতে মুক্তিপণ দিয়েছি  

রাজিবের বাবা মীর রনজু বলেন, “ভাই ছেলের জীবন বাঁচাতে বাধ্য হয়ে মুক্তিপণ দিয়েছি। র‌্যাবের ওপর আস্থা ছিল যে অপহরণকারীরা গ্রেপ্তার হবে। তবে ছেলেকে যদি ওরা মেরে ফেলে এমন ভয়ও কাজ করছিল।”

রাজিবের মা শাহনাজ আক্তার বলেন, “আমার ছেলেকে যারা অপহরণ করেছিল আমি ওদের শাস্তি চাই।”

র‌্যাব কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান বলেন,  “মুক্তিপণের জন্য দেয়া টাকাগুলো র‌্যাব উদ্ধারের জন্য চেষ্টা করবে।”