আজিজুল হক কলেজে ছাত্রলীগের সংঘর্ষ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আধিপত্য বিস্তার নিয়ে রোববার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৯ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হওয়ার আগে কলেজে জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটির সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পদক আসলাম হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।
মিছিলের খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় কলেজ ছাত্রলীগের বিদ্রোহী কমিটির আহ্বায়ক বেনজির আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এ সময় তারা মন্টি-আসলাম গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া করে। পরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে ৪/৫টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কলেজের বিদ্রোহী কমিটির আহ্বায়ক বেনজির আহম্মেদ দাবি করেন, এ ঘটনায় আব্দুল হান্নান নামে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগ ঘোষিত কলেজ শাখার সাধারণ সম্পাদক আসলাম হোসেন দাবি করেন, হামলায় তাদের কলেজ কমিটির সভাপতি মশিউর রহমান মন্টিসহ তিন জন আহত হয়েছে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ জানান, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা সৃষ্টি করা দুঃখজনক ঘটনা।
জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল বলেন, কলেজ ছাত্র পরিচয় দিয়ে বহিরাগতরা ক্যাম্পাস অস্থিতিশীল করতে চেষ্টা করছে। সাধারণ ছাত্ররা তাদের প্রতিহত করেছে।
