সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির নেতা নিহত
সাতক্ষীরা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। আহত হন চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন।
পুলিশ জানিয়েছে, রোববার বিকালে কামালনগর এলাকায় এ সংঘর্ষ চলাকালে শিবির সমর্থকরা গুলি চালায় ও বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহত আমিনুল ইসলাম (৩২) ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মফিজ সরদারের ছেলে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের নূর মোহাম্মাদ, তালার খলিসখালী গ্রামের আব্দুস সবুর, শ্যামনগরের ইমরান হোসেন, খুলনা নগরীর আক্তার হোসেন, ফুলতলার আজিজুল ইসলাম ও আবু তালেব।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, বিকালে কামালনগর এলাকায় গোরস্থানের পাশে একটি বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় বৈঠকরত শিবির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০/২২টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে কয়েকজন গুলিবিদ্ধ হয়।
পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল মারা যান।
এ সংঘর্ষে চার কনস্টেবল আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নূরুল ইসলাম ও জিল্লুর রহমান আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আইনশঙ্খলা বাহিনী গুলি চালিয়ে আমিনকে হত্য করেছে।
“সাতক্ষীরায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদেরকে ধরে ধরে হত্যা করা এ সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।”
