পঙ্গুদের টেকসই চিকিৎসাসেবা দিতে সিআরপি’র নতুন কোর্স চালু
পোশাক কারখানা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের ‘টেকসই’ চিকিৎসাসেবা দিতে ‘প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট’ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
এবছরের জানুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের চালু হওয়া এই কোর্সে প্রতিবছর দশজন করে শিক্ষার্থীর ভর্তি সুযোগ থাকছে বলে জানিয়েছেন সিআরপি’র ‘প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স’ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি।
“শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাবে”-বলেন তিনি।
‘প্রস্থেটিক্স ও অর্থোটিক্স’ চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিদের শরীরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অঙ্গ সংযোজন করা হয়।
জান্নাতুল ফেরদৌসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বছর আগেই সিআরপি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনিস্টিটিউটকে (বিএইচপিআই) এই প্রশিক্ষণ কোর্সটি চালু ও এতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ করে।
“তবে রানা প্লাজার ঘটনায় কোর্সটি চালু হবার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।”
নতুন চালু হওয়া চার বছরের এই কোর্সে শিক্ষার্থীদের ডিপ্লোমা সার্টিফিকেট পেতে তিন বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে এক বছর শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করতে হবে।
তবে এতে প্রশিক্ষণপ্রাপ্তরা পোশাক কারখানায় অঙ্গ হারানোদের পাশাপাশি অন্যদেরও চিকিৎসা দিতে পারবেন। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্সে শেষে সিআরপিতে কাজে যোগ দেবার সুযোগও রয়েছে।
সিআরপির ‘প্রন্থেটিক্স ও অর্থোটিক্স’ বিভাগে ইতোমধ্যেই চিকিৎসা নিচ্ছেন রানা প্লাজা ধসের ঘটনায় বাম পা হারানো পোশাকশিল্প শ্রমিক শিল্পী বেগম , যিনি রানা প্লাজার তৃতীয় তলার একটি কারখানায় কাজ করতেন।
আইসিআরসি’র দেয়া কৃত্রিম পা তৈরির যন্ত্রাংশের সাহায্যে সিআরপিতে এখন কৃত্রিম পা পড়ে হাঁটার চেষ্টা করছেন তিনি।
শিল্পী বেগম বলেন, “কৃত্রিম পা হলেও এটা পড়ে হাঁটতে পারলে অন্যের সাহায্য নিয়ে চলতে হবে না। নিজের কাজ ধীরে ধীরে নিজেই করতে পারবো। প্রথম যেদিন একা এই পা পড়েছিলাম ভয় হয়েছে। কিন্তু আনন্দও পেয়েছি।
স্বামী বিপ্লব শেখের পক্ষে তার চিকিৎসার টাকা জোগানো সম্ভব ছিলো না মন্তব্য করে তিনি বলেন, “যারা আমাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করছেন এখনো তাদের জন্য সবসময় দোয়া করি।”
একই দুর্ঘটনায় দুই পা হারান রেহানা খাতুন। তিনি রানা প্লাজা ভবনের সপ্তম তলার নিউ স্টার গার্মেন্টসে কাজ করতেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় পা হারানোর পর অনেকেই অনেক খারাপ কথা বলছে। তখন মনে হতো আমি মরে গেলেই ভালো।”
গত সপ্তাহে কৃত্রিম পা পড়ে নিজের দেশের বাড়ি পাবনায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “আমি বাড়ি গিয়া এইবার সবাইরে বলছি, আমারে একটু হাসপাতালে দেখতেও গেলা না তোমরা! ভাবছো আমিও আর দ্যাশে আসতে পারবো না!। তাই একাই বাড়ি চইলা আইসি।”
যদিও তিনি আক্ষেপ করে বলেন, “নকল পা-তো নকলই।”
সিআরপি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি বলেন, “রানা প্লাজায় যারা অঙ্গ হারিয়েছেন, তাদের কৃত্রিম অঙ্গ(হাত বা পা) লাগানো হয়েছে। তারা নিয়মিত সেটি ব্যবহারও করছেন।”
আইসিআরসি’র সহযোগিতার তারা আবার নিজের মতো করে চলতে পারছেন জানিয়ে তিনি বলেন, “আমি নিজেও আইসিআরসি’র কাছে কৃতজ্ঞ। তাদের কারণে আমি নিজেও স্বাভাবিক জীবন যাপন করছি। ছোটবেলায় পোলিও আক্রান্ত হবার পর আমার পা ক্ষতিগ্রস্ত হয়েছিল।”।
আইসিআরসি’র ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রোজেক্ট ম্যানেজার গার্ড ভ্যান ডে ভ্যালডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জার্মান সংস্থা জেআইজেড মূলত এ কোর্সেটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ দেবে। এছাড়াও বিজিএমইএ কিছু অর্থ দিয়েছে।”
এ কোর্সটির কারিকুলাম তৈরি, দক্ষ শিক্ষকদের দিয়ে প্রশিক্ষন দেবার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা দেবে আইসিআরসি।
কেউ দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হলে বা অঙ্গহানি হলে তার অনেকক্ষেত্রেই সারাজীবন চিকিৎসা সহায়তার দরকার হয়।”
‘প্রস্থেটিক্স ও অর্থোটিক্স’ কোর্স চালু করায় পঙ্গু রোগীদের সংযোজনকৃত অঙ্গ অনায়াসে ব্যবহারের জন্য দক্ষ প্রশিক্ষকও তৈরি হবে।
আইসিআরসি’র সহায়তায় রানা প্লাজা দূর্ঘটনার শিকার ২১ জন পোশাক শ্রমিক এ বিভাগের সেবা নিয়েছেন বলেও জানান তিনি।
