রাজশাহীতে পত্রিকা বিলি বন্ধ
পত্রিকার এজেন্ট ও হকারদের দ্বন্দ্বে তিন দিন ধরে জাতীয় কোনো পত্রিকা পৌঁছেনি রাজশাহীর পাঠকদের হাতে।
ফলে গত বৃহস্পতিবার থেকে জাতীয় কোনো দৈনিক পড়তে পারেননি রাজশাহী মহানগরীর পাঠকরা।
এ ব্যাপারে আলোচনার জন্য রোববার সন্ধ্যায় দুপক্ষকে তলব করেছেন রাজশাহী জেলা প্রশাসক।
হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকার এজেন্টরা দীর্ঘদিন থেকে তাদের কোনো হিসাব দেন না। অনেক এজেন্ট দীর্ঘদিন থেকে পত্রিকার দোকানে না এসে তাদের কর্মচারীদের হাত দিয়ে পত্রিকা হকারদের মধ্যে বিলি করেন।
রোববার রাজশাহী জেলা প্রশাসন দুপক্ষকে বৈঠকে ডেকেছেন। সেখানে একটি সুষ্ঠু সমাধান মেলবে বলে আশা করছেন তিনি।
পত্রিকা এজেন্ট ‘জুগলি কিশোর’ এর কর্ণধার জুগলি কিশোর বলেন, হকাররা তাদের নিয়মিত পাওনা বুঝিয়ে দেয় না। ফলে ধীরে ধীরে এজেন্টরা আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মূখীন হয়েছেন। আর এই প্রেক্ষিত্রে হকার্স ইউনিয়ন পত্রিকা বিলি বন্ধ করেছে।
তিনিও রোববার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে একটি গ্রহণযোগ্য সমাধান মেলবে বলে আশা প্রকাশ করছেন।
এর আগে সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নগরীর দেড় শতাধিক হকার।
