‘টিভি সাংবাদিকদের বেতন বোর্ডের খসড়া চূড়ান্ত পর্যায়ে’
ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য পৃথক বেতন বোর্ডের আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইকবাল সোবহান বলেন, “মন্ত্রণালয়ের মাধ্যমে আইন প্রণয়ণের কাজ চলছে এবং এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
এসময় ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ডে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের জন্য যে বৈষম্য তৈরি হয়েছে তা নিরসনে কাজ চলছে বলে জানান তিনি।
এছাড়া ১৯৭৪ সালের নিউজপেপার সার্ভিস অ্যাক্ট পুর্নবহালের চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল।
ইকবাল সোবহান বলেন, “যারা দুর্নীতি করে, স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি- তারা গণমাধ্যমের ওপর আঘাত করছে।”
এজন্য তিনি গণতন্ত্রবিদ্বেষী, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আরও প্রতিবাদী হতে চট্টগ্রামের সাংবাদিকদের আহ্বান জানান।
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিইউজে সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
