২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের ভাষা সৈনিক মনছুর আহমেদ নেই

বাগেরহাটের ভাষা সৈনিক মনছুর আহমেদ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে জেলা শহরের লিচুতলা সড়কে নিজ বাসায় ৮৫ বছর বয়সে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় ছেলে ডা. তরিকুল ইসলাম জানান, বাদ আছর তার দীর্ঘদিনের কর্মস্থল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাকে শহরের সরুই কবরস্থানে দাফন করা হয়েছে।

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

মুনসুর আহম্মেদ ১৯২৯ সালের ১ নভেম্বর পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্যাশী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাশেম আলী হাওলাদার।

১৯৪৬ সালে তিনি তৎকালীন বাগেরহাট টাউন স্কুল (বর্তমান বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল) থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫৮ সালে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭০ সালে তিনি বাগেরহাট টাউন স্কুলে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠান থেকে অবসরে যান।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় মনছুর আহমেদ বাগেরহাটে বাংলা ভাষার দাবিতে অনুষ্ঠিত মিছিল-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের আগে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাভোগ করেন।

১৯৬৮ সালে তিনি ন্যাপের (মোজাফফর) রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে গঠিত মুক্তিযুদ্ধ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

নব্বইয়ের দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পষিদের জেলা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন মেয়াদে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) বাগেরহাট জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ভাষা সৈনিক মসছুর আহমেদ বাগেরহাটের সর্বস্তরের মানুষের কাছে নির্লোভ, নিরহংকার ও প্রগতিশীল সমাজকর্মী হিসেবে সম্মানিত হয়েছেন। তিনি বাগেরহাট ফাউণ্ডেশনের আজীবন সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

জেলা আওয়ামী লীগ, সিপিবি, বিএনপি, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।