টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের লাশ হস্তান্তর
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের কথিত বন্দুকযুদ্ধে নিহত তিন জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সদর হাসপাতাল থেকে এসব মৃতদেহ পুলিশের কাছ থেকে বুঝে নেন তাদের স্ত্রীরা।
নিহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে আমিন মাঝি (৪৫), মহেশখালীর গোরকঘাটার প্রয়াত গণি মিয়ার ছেলে মোহাম্মদ কালু (৪৫) এবং সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়া মিয়ানমারের মংডু শহরের লন্দাখালীর নুর হোসেনের ছেলে জহির আহমদ (৩৫)।
এসআই সাইফুল জানান, এর আগে এ ঘটনায় নিহত তিন জন ও আটক পাঁচ জনসহ ১৫ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে নাফনদীর শাহপরীর দ্বীপ মোহনায় মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। বিকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদী থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
