সিরাজগঞ্জে শ্রমিকদের সংঘর্ষ, বাস-অটোরিকশা বন্ধ
সিরাজগঞ্জে বাস ও অটোরিকশা শ্রমিকদের কয়েকদফা সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। বেশ কয়েকটি অটোরিকশা ও বাস ভাংচুর হয়েছে।
পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে এ ঘটনার পর থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে যানবাহনকে সাইড দেয়া নিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে শুক্রবার বিকালে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে শনিবার সকালে বাস শ্রমিকরা কড্ডার মোড় ও মিরপুর এলাকায় ৮/১০টি অটোরিকশা ভাংচুর এবং শ্রমিকদের মারধর করে। এররপ অটোরিকশা শ্রমিকরাও দুইটি বাস ভাংচুর করে।
এরপর দুপুরে বাস শ্রমিকরা পৌর বাস টার্মিনালের সামনে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড় ও শহরের রেলগেইট এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি আরো জানান, এ অবস্থায় পৌর বাস টার্মিনালের সামনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ অন্তত ৫০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বাস টার্মিলানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনার পর তারা জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও অটোরিকশা বন্ধ করে দেন বলে জানান তিনি।
অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম জানান, বাস শ্রমিকরা অন্তত ১০ শ্রমিককে মারপিট ও ৮/১০টি অটোরিকশা ভাংচুর করেছে। ঘটনার পর থেকে সকল রুটে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে।
