জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি
বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর ‘কার্যকর’ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজপি) হাসান মাহমুদ খন্দকার।
শনিবার দুপুরে নগরীর পাহাড়তলি থানার নব নির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে একথা বলেন তিনি।
হাসান মাহমুদ খন্দকার বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণে আছে। অনেকাংশে আমরা জঙ্গিবাদ দমনে সমর্থ্য হয়েছি।
“শুধু দেশে নয়, বিদেশেও এ ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার এবিষয়ে বলেছেন।”
মাঠ পর্যায়ে পুলিশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করায় জঙ্গিবাদী তৎপরতা বন্ধে সফলতা এসেছে বলে মনে করেন মহাপরিদর্শক।
৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশব্যাপী নাশকতার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না সেইসব দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে হামলায় নেমেছিল।
“দুর্বৃত্তরা এ কাজটি নিবিষ্ট চিত্তে করছিল। তারা সফলও হত, কিন্তু হতে পারেনি। পুলিশ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় এটা সম্ভব হয়নি।”
নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় সারাদেশে ১৭ জন পুলিশ সদস্যের জীবনদানের পাশাপাশি প্রায় তিন হাজার সদস্য আহত হন বলে অনুষ্ঠানে জানান আইজিপি।
দেশের আইনশৃঙ্খলায় মোটামুটি একটি সুস্থির অবস্থা বিরাজ করছে দাবি করে হাসান মাহমুদ বলেন, এ পরিস্থিত অব্যাহত রাখতে কিছু বিষয় চিহ্নিত করে কাজ করতে হবে।
“এর মধ্যে একটি বড় সমস্যা মাদক। এক্ষেত্রে আমরা নতুনভাবে চেষ্টা করছি। অচিরেই দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন দেখতে পাবেন।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চান সম্প্রতি কয়েকটি ঘটনায় অপহৃতরা মুক্ত হলেও অপহরণকারীরা ধরা পড়ছে না কেন।
জবাবে হাসান মাহমুদ খন্দকার বলেন, “অপহরণকারীরা ধরা ছোঁয়ার বাইরে নেই। এসব ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত আন্তরিকভাবে চলছে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী, অচিরেই সত্য উদঘাটিত হবে।”
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানির রায় ঘোষণার পরের পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, “সব সম্ভাবনা বিবেচনায় রেখেই আমরা কাজ করছি।
“অতীতে এ ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি। শুধু রায় নয়, আইনশৃঙ্খলা জনিত যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে পুলিশ সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ বাহিনীতে ৩১ হাজার নতুন পদ সৃষ্টিসহ মোট ৩৬ হাজার জনবল নিয়োগ করা হয় বলে অনুষ্ঠানে জানান আইজিপি।
চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামের বিভাগীর কমিশনার মো. আবদুল্লাহ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী।
