২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

ফেনী সীমান্তের এপারে এসে অপহৃত দুই ভারতীয়কে সাত ঘণ্টা পর উদ্ধার করে ফেরত দিয়েছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

এর আগে শুক্রবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক হয়।

ফেনীস্থ বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী মাহমুদুন্নবী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফেনীর ফুলগাজীর সোনাপুর-নোয়াপুর সীমান্ত বিওপির দক্ষিণ সোনাপুর এলাকায় উত্তম ত্রিপুরা ও হারাধন ত্রিপুরা নামে দুই ভারতীয় নাগরিককে অপহরণ করে স্থানীয় কয়েকজন বাংলাদেশি।

বিএসএফ থেকে এ সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা এলাকায় অভিযান চালায়। ফুলগাজী থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে সোনাপুর সীমান্তে নিয়ে যায় বিজিবি।

শুক্রবার সকাল ১০টার দিকে সোনাপুর বিওপির পাশে ২১৩৪/৯এফ পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নায়েক সুবেদার হেলাল ও বিএসএফের পক্ষে এসআই সারেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিবি ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে।

অপহৃত ভারতীয় নাগরিকদের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক আরো জানান, স্থানীয় তিন অপহরণকারী কয়েকজন ভারতীয় নাগরকিদের কাছে কিছু টাকা পেত। ওই পাওনা টাকা উদ্ধারের জন্য মুহুরী নদীতে মাছ ধারার সময় এ দুই ভারতীয়কে অপহরণ করে তারা।

অপহরণকারীদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান বিজিবি কর্মকর্তা।

এ ব্যাপারে ফুলগাজী থানার ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, অপহরণকারীদের আটকের দায়িত্ব বিজিবির। তারা তাদের খুঁজে বের করবে।