ফেনীতে হত্যা মামলার আসামিসহ ৭ যুবদলকর্মী গ্রেপ্তার
ফেনী সদরে এক যুবদলকর্মী হত্যা মামলার আসামিসহ ওই সংগঠনের সাত কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযানে অস্ত্র ও হাতবোমাও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার লেমুয়া ইউনিয়নের কসকা বাজার এলাকায় বিএনপি নেতা জাফরের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ফেনী থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফিরোজ আলম জানান, গোপন সংবাদ পেয়ে সকালে লেমুয়ার কসকা বাজার এলাকায় বিএনপি নেতা জাফরের বাড়িতে অভিযান চালিয়ে যুবদল নেতা আবুল কালাম হত্যা মামলার তিন আসামিসহ সাত জনকে গ্রেপ্তার করে।
পরে ঘর তল্লাশি করে একটি এলজি, একটি কাটা বন্দুক, একটি পাইপগান, ৫টি কিরিচ, ৮টি হাতবোমা ও ১০টি লাঠি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন যুবদলকর্মী মহিউদ্দিন (২৬), ওসমান গনি (২৮), মোহাম্মদ ইয়াসিন (২৬), নুরুল ইসলাম জিয়া (২৮), হুমায়ুন কবির মিন্টু (২৭), শফিকুল ইসলাম সবুজ (২৪), মো. সাখাওয়াত হোসেন (২৬)।
তারা সবাই লেমুয়া এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে সার্জেন্ট ফিরোজ জানান।
লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস কোরাইসি জানান, “গ্রেপ্তাররা যুবদলের সমর্থক বলে আমি জানি। তবে, তারা কোনো পদে আছে কি না আমার জানা নেই।”
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ জানান, গ্রেপ্তারদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
গত ২৪ মার্চ স্থানীয় যুবদলের আভ্যন্তরীণ বিরোধের জের ধরে সদর উপজেলার ফাজিলপুর এলাকার কসকা গ্রামের দলিলুর রহমানে ছেলে যুবদলকর্মী আবুল কালামকে স্থানীয় মীর বাড়ির পাশে থেকে দুর্বৃত্তরা ধরে দিয়ে যায়। পরে তারা গুলি ও জবাই করে হত্যা করে মস্তকবিহীন লাশটি বস্তাবন্দি করে পাশের কালিদাস পাহালিয়া নদীতে ফেলে দেয়, যা পরে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় আবুল কালামের মা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে, বাকিরা পলাতক রয়েছে।
