চট্টগ্রামে অটো রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরী থেকে এক সিএনজি অটো রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার কেন্টিন গেইট নামক স্থান থেকে মোহাম্মদ জাকির (২৭) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তার বাসা পাহাড়তলী টিটিসি কলোনিতে এবং বাড়ি রাঙামাটির লংদুতে।
খুলশী থানার এসআই জাহিদ হোসেন বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্টিন গেইট এলাকায় গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে তা উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই জাহিদ বলেন, “প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।”
