২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা: ডেসটিনির সমন্বয়কের বিরুদ্ধে পরোয়ানা

চেক প্রতারণার মামলায় ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2014, 02:27 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

দৈনিক ডেসটিনির উপসম্পাদক নূরে আলম নোমান সালমানের করা এ মামলায় সোমবার পরোয়ানা জারির আদেশ দেন মহানগর হাকিম আতিকুর রহমান।

আশরাফুল আমিন মুদ্রা পাচারের অভিযোগে দুদকের করা মামলায় কারাগারে থাকা ডেসটিনির এমডি রফিকুল আমিনের ভাই।

গত বছরের ১০ অক্টোবর দায়ের করা এই মামলায় সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী নোমান সালমান।

মামলার এজাহারে বলা হয়, আশরাফুল আমিন মামলার বাদীসহ ১০২ জন সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীকে ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অব্যাহতি দেন।

পরে আসামি বাদীসহ আরও দুইজনের নামে তাদের সবার পাওনার আংশিক পরিশোধের জন্য তিনটি চেক দেন।

এর মধ্যে বাদীকে এইচএসবিসি ব্যাংকের ৬৪ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকার একটি চেক দেয়া হয়।

গত বছরের ১০ আগস্ট দেয়া চেকটি পূবালী ব্যাংক ঢাকার বার লাইব্রেরি শাখায় জমা দিলে ২৬ আগস্ট তা ফেরত আসে।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বাদী আসামিদের আইনি নোটিস পাঠান। কিন্তু নোটিস পেয়েও আসামি টাকা পরিশোধ না করায় এ মামলা করা হয়।