বৈশাখি মেলা নিয়ন্ত্রণে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
ফরিদপুরে বৈশাখি মেলার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুই প্রভাবশালীর লোকজনের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হিজলতলার বৈশাখি মেলায় এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, বিকালে হাজরাহাটি গ্রামের হিজলতলায় বৈশাখি মেলা শুরু হয়। মেলা শুরুর কিছু সময় পর এলাকার প্রভাবশালী ওমর খরাদি ও সাহেব আলী খরাদির লোকজনের মধ্যে মেলার নিয়ন্ত্রণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ শুরু হয়।
দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষ রাম দা, ঢাল-সরকি, টেটা, কালি ও ইটসহ অন্যান্য দেশি অস্ত্র ব্যবহার করে।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে।
ওসি নাজমুল ইসলাম আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে থানার এসআই রাসেল এবং কনস্টেবল হেমায়েত, শাহ আলম, সিরাজুল ইসলাম আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে শওকত খা, ইসমাইল মাতুব্বর, হিরু খরাদী ও রচমত নামের চারজনকে আটক করা হয়েছে।
আহত সাহেব আলী খরাদী, শাহাদাৎ খরাদী, নায়েম খরাদী ও ওহিদুল ভরাদীসহ অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবার নাম জানা যায়নি।
