রাজধানীতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত ৪
রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি হাতবোমার বিস্ফোরণে চার নারী শ্রমিক আহত হয়েছেন।
এরা হলেন-সেলিনা বেগম (৪০), আম্বিয়া বেগম (৩৫), রত্না রানী(৩০) ও হিরণ বাসী (৪৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাটিকাটার সময় লাল রঙের টেপে মোড়ানো একটি বস্তুকে কোপ দিলে সেটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হন।
ঠিকাদার আব্দুল মজিদ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান জানান, সেলিনা ছাড়া বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সেলিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার লেগেছে।
ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে ২১ লাখ টাকা এবং এক হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন-হাফেজা বেগম (৫০) ও আয়েশা আক্তার (২১)।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে উত্তর যাত্রাবাড়ীর একটি বাসার পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির ২১ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
