২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হিরনের স্মরণে কালো পতাকা কর্মসূচি

বরিশালের সদ্য প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্মরণে পহেলা বৈশাখের আনন্দ অনুষ্ঠান বাতিল করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার পহেলা বৈশাখের বর্ষবরণের নিয়মিত অনুষ্ঠানের বদলে কালো পতাকা কর্মসূচি পালন করেন তারা।

সকাল ৮টায় নগরীর কালীবাড়ি রোড বিএম স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচিতে সমবেত হন নগরীর বিভিন্ন সাংস্কৃতিক দলের কর্মী-সংগঠকরা।

প্রতিবছর একই স্থানে প্রভাতি অনুষ্ঠান, রাখী বন্ধন, মঙ্গল শোভাযাত্রা, ঢাক উৎসব, শাঁখ উৎসব, লাঠি খেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বাংলা নববর্ষকে বরণ করে বরিশালবাসী।

তবে শওকত হোসেন হিরনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ষবরণের সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

সাংস্কৃতিক কর্মী ও বরিশাল উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুন্সী বলেন, শওকত হোসেন হিরন ছিলেন তারুণ্যের প্রতীক।

তিনি সাংস্কৃতিক কর্মীদের সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ষবরণের সকল উৎসব বাতিল করে কালো পতাকা কর্মসূচি পালন করা হয়।