সিরাজগঞ্জে পিকআপভ্যান উল্টে ৫ পুলিশ আহত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রটোকলের পুলিশ পিকআপভ্যান উল্টে এক এসআইসহ পাঁচ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে তিন জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ ইনচার্জ মতিউর রহমান জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উত্তরাঞ্চল থেকে ঢাকায় যাচ্ছিলেন।
তার প্রটোকলের দায়িত্বে নিয়োজিত পুলিশ লাইনের একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছলে পাশের রাস্তা থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি মহাসড়কে উঠে পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে পিটআপটি মহাসড়কের উপর উল্টে যায়।
আহতরা হলেন এসআই আনিছুর রহমান, চালক রেজাউর নবী ও তিন কনস্টেবল রিপন, আমির হোসেন ও রেজাউল।
তিন কনস্টেবলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এসআই ও চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, দূর্ঘটনায় পুলিশ পিটআপটি উল্টে গেলেও প্রতিমন্ত্রীর গাড়ির কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনার জন্য দায়ী ভটভটিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
