২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের অস্ত্র ‘ছিনতাই’

ছিনতাইকারীরা মারপিট করে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এক উপপরিদর্শক জানিয়েছেন। তবে অস্ত্র খোয়া যাওয়ার পিছনে ওই কর্মকর্তার গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 02:51 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ বলেন, রোববার রাতে হাটিকুমরুল মোড়ে তার ভাইকে বাসে তুলে দিয়ে থানায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লে তার রিভলবারটি খোয়া যায়।

রাত সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানিয়েছেন।

তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি থাকলে এসআই মোস্তাফিজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”