‘ওদের গোলাপ জলে ধুয়ে দেন’
বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে সাংবাদিক নেতাদের দাবির মুখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের ‘অতীত কর্মকাণ্ড’ স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকদের মুখ খোলার আহ্বান জানিয়েছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্ধ গণমাধ্যমগুলোকে ‘গোলাপ জলে ধুয়ে দিতে’ বলেন তিনি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গতবছরের ১১ এপ্রিল ‘আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয় পুলিশ।
একই বছরের ৬ মে রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
দিগন্ত টেলিভিশন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মীর কাসেম আলী। দৈনিক নয়া দিগন্তও এ প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।
ইসলামিক টেলিভিশন চালু করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দার। তার ছেলে শামস ইস্কান্দার প্রতিষ্ঠানটির দেখভাল করতেন।
লাইসেন্সের শর্ত ভঙ্গ ও দাঙ্গা লাগানোর মত পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলে টেলিভিশন দুটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বলে সে সময় জানিয়েছিলেন ইনু।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান।
পরে তথ্যমন্ত্রী তার বক্তব্যে দৈনিক আমার দেশ, ইসলামিক টেলিভিশন বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন।
ইনু বলেন, “ওদের ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) মুখ খোলেন। গোলাপ জল দিয়ে ধুয়ে দেন। তাহলে ওদের বিষয়ে কাজ করা আমার জন্য সহজ হবে।”
সাংবাদিক হত্যার বিচার প্রসঙ্গে ইনু বলেন, বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরও জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কর্নেল তাহের হত্যার বিচার হয়েছে।
“একদিন না একদিন সাগর-রুনি হত্যারও বিচার হবে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে।”
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করারও আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন বক্তব্য রাখেন।
