২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শাশুড়ির হাতে পুত্রবধূ খুন

নাটোরে শাশুড়ির মারধর ও হাসুয়ার আঘাতে এক তরুণী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার সকালে লালপুরের ধনঞ্জয়পাড়া গ্রামে এ ঘটনায় নিহত হন শিরিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের রনি আলমের (৩২) স্ত্রী।

পুলিশ শিরিনার স্বামী রনি এবং শাশুড়ি রোকেয়া বেগমকে (৫৫) আটক করেছে।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, সকাল ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি রোকেয়া হাসুয়া দিয়ে শিরিনার মাথায় কোপ দেন।

এতে শিরিনার মাথার বাম পাশে জখম হলে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়। এরপর বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেয়ার পর রোকেয়া আবারো মারধর করেন।

ওসি জানান, বেলা ১১টার দিকে শিরিনা মারা যান।

“এরপর তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকেন রনি ও রোকেয়া।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিরিনা লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের মুন্নাফ আলীর মেয়ে। শিরিনা ও রনির পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে অত্যাচার করা হত বলে দাবি করেছেন শিরিনার বাবা মুন্নাফ।

হত্যাকাণ্ডের ঘটনায় রনি ও রোকেয়াকে আসামি করে একটি মামলা করেছেন তিনি।