১৪২০কে বিদায় দিয়ে নববর্ষ বরণের প্রস্তুতি চট্টগ্রামে
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪২০ সালকে বিদায় দিয়ে নতুন বছরকে আবাহনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামবাসী।
রোববার বর্ষবিদায়ের দিনে নগরীর বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে নগরের প্রধান অনুষ্ঠানটি শুরু হয় ডিসি হিল মুক্তমঞ্চে। এ অনুষ্ঠান এবার ৩৮ বছরে পা রাখল।
‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে, ওগো আমার প্রি য়’ অভ্যুদয় সাংস্কৃতিক সংগঠনের এই দলীয় সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে বিকালে শুরু হয় বর্ষবিদায়ের অনুষ্ঠান।
দলীয় সংগীত ছাড়াও নৃত্যানুষ্ঠান, দলীয় ও একক আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা।
নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে নগরের সিআরবি পাহাড়ের শিরীষতলায় শুরু হয়েছে দুই দিনের অনুষ্ঠান।
বিকাল সাড়ে ৫টায় ঢোল বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদী সম্পাদাক এম এ মালেক।
এর পর বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি।
নগরীর বাওয়া স্কুল মাঠে সন্ধ্যায় রণজিত রক্ষিতের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের দুই দিনের অনুষ্ঠান।
এতে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম, সঙ্গীত ভবন, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স।
এছাড়া কলকাতার শিল্পী সুচিত্রা ঘোষ আধুনিক গান ও ঢাকার শাহীন খান লোকগান পরিবেশন করেন।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও শিশুদের সংগঠন ফুলকি বর্ষবিদায় ও বরণ নিয়ে আয়োজন করেছে আলাদা অনুষ্ঠানমালা।
