মানবতাবিরোধী মামলায় বদর সদস্য কারাগারে
মুক্তিযুদ্ধে হত্যা, লুট ও অগ্নিসংযোগের মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার আল বদর সদস্য হানিফ তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্তা সরকারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুল আজিজ জানান, ২০০৯ সালে ১২ অগাস্ট মানবতাবিরোধী এ মামলাটি দায়েরের পর হাই কোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন হানিফ তালুকদার।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুল আজিজ জানান, আদালতে হাজির হয়ে হানিফ তালুকদার জামিন প্রার্থনা করেন। আসামি ও রাষ্ট্রপক্ষে শুনানি শেষে আদালত তাকে জেল হ্জাতে পাঠানোর নির্দেশ দেন।
হানিফ তালুকদার জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বাট্টাজোগ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, আল বদর বাহিনীর সদস্য হানিফ তালুকদার ও তার সহযোগী আল বদর ও রাজাকার বাহিনীর আরো ৯ সদস্য ১৯৭১ সালের ৯ অক্টোবর শ্রীবরদী উপজেলার জলঙ্গা মাধবপুর এলাকায় অনেক বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ এবং গোলাম মোস্তফা নামে একজনকে হত্যা করেন।
শ্রীবরদীর জলঙ্গা মাধবপুর গ্রামের প্রয়াত রজব আলী সরকারের ছেলে মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বাদী হয়ে ২০০৯ সালের ১২ আগস্ট আল বদর বাহিনীর ক্যাপ্টেন আব্দুর রহমান ও হানিফ তালুদারসহ ১০ আল বদর ও রাজাকার বাহিনীর সদস্যকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে শ্রীবরদী থানার ওসিকে তদন্তপূর্বক এফআইআর করার নির্দেশ দেয়। সে মোতাবেক এফআইআর করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর মামলার নথিপত্র ট্রাইব্যুনালে পাঠানো হয়। বর্তমানে ট্রাইব্যুনালের তদন্ত টিম মামলাটি মামলাটি তদন্ত করছে।
