২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টির বাক্সে বোমা পাঠিয়ে চাঁদা দাবি

মিষ্টির প্যাকেটে হাতবোমা পাঠিয়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম রেজার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 04:43 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার রাত ৯টায় বাড়িতে ককটেইলভর্তি ওই বাক্স আসে জানিয়ে সাবেক এই সংসদ সদস্য কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গোলাম রেজা কাফরুল থানা এলাকার সেনপাড়ায় থাকেন। যিনি নবম সংসদে জাতীয় পাটির মনোনয়ন পেয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গোলাম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিষ্টির প্যাকেটে একটি ককটেল ও একটি চিঠি পাঠিয়ে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চিঠিতে লেখা রয়েছে- “আমরা সহর আলীর লোক। দীর্ঘকাল জেল খেটে বের হয়েছি। আমাদের চলার জন্য ৫০ লাখ টাকা দিবেন।”

সহর আলী কয়েক বছর আগে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

গোলাম রেজা জানান, চিঠিতে দুটি মোবাইল নম্বর দিয়ে মো. সুজন, মো. নজরুল ইসলাম জীবন, মো. বাগিনা দোলোন, মো. সহিদ এ চারটি নাম লেখা আছে।

“নম্বরগুলোতে কল করলে কেউ কথা না বলে লাইন কেটে দেয়,” বলেন তিনি।

২০১২ সালে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত গোলাম রেজা এখন শুধু  নিজের ব্যবসায় যুক্ত আছেন।

তার অভিযোগের বিষয়ে কাফরুল থানার ওসি আবদুল কাউয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমরা তার অভিযোগে দেয়া নম্বরগুলো খতিয়ে দেখছি।”