দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাই কোর্টে খালেদা
দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে আবেদন করার পর আদালত আগামী বুধবার শুনানির জন্য দিন রেখেছে।
‘যথাযথভাবে’ ওই অভিযোগ গঠন করা হয়নি দাবি করে এই ‘রিভিশন’ আবেদন দায়ের করা হয়। আবেদনে ওই দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- মর্মে রুল চাওয়া হয়। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
একইসঙ্গে আবেদনের যথার্থতা পরীক্ষা করতে দুই মামলার রেকর্ড তলবের আর্জি জানানো হয়।
খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ফৌজদারি কার্যবিধির ২৪১(১) ধারা অনুসারে অন্য যে কোনো আসামির মতো খালেদা জিয়া অব্যাহতির আবেদন করেছিলেন। তার সেই আবেদনের শুনানি না করেই অভিযোগ গঠন করা হয়।
“অভিযোগ গঠনের পূর্বে তার অভিযোগ পড়ে শোনানো হয়নি। তিনি দোষী নাকি নির্দোষ সেটা খালেদা জিয়াকে জিজ্ঞেস করা হয়নি। বিচারক খাস কামরায় বসে পেশকারের মাধ্যমে অভিযোগ গঠনের বিষয়টি জানিয়ে দিয়েছেন মাত্র। এভাবে অভিযোগ গঠন ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারা লংঘন।”
তিনি বলেন, অরফানেজ ট্রাস্ট মামলার জব্দ তালিকায় কোথাও ওই ট্রাস্ট্রের কার্যক্রমে খালেদার স্বাক্ষর রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। তাই এখানে খালেদাকে আসামি করা ঠিক হয়নি।
“আর চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় সরকারের কোনো টাকা নেই। এটা দুদকের তফসিলভুক্ত অপরাধ নয়। জমি কেনায় টাকা কম দেখিয়ে মাসুল ফাঁকি দিলে ডিসি মাসুলের টাকা চাইতে পারেন।”
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট এই দুই দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এতিমখানা ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে খালেদা, তারেকসহ ছয়জনের বিরুদ্ধে। আর জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরো তিনজন।
এতিমখানা ট্রাস্ট মামলার অপর আসামিরা হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক রহমান উচ্চ আদালতের জামিনে গত পাঁচ বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। বর্তমানে তিনিসহ বাকি দুজন পলাতক।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।
২০১১ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।
তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আর জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন।
দুর্নীতির ২ মামলায় খালেদার বিচার শুরু
