সাতক্ষীরায় জামায়াত কার্যালয়ে সহিংসতার ছবি
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে শহরের মুনশিপাড়ার অফিসে এ অভিযানে ট্রাকভর্তি বই, সিডি, সহিংসতার ছবির এ্যালবাম, গরান কাঠের লাঠি ও দলীয় পতাকা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা জামায়াতের অফিসে অভিযান চালায় পুলিশ।
অফিসের ভিতরে বিভিন্ন প্রকার বই, সহিংস ঘটনার একাধিক সিডি, সহিংসতার ছবির এ্যালবাম, ক্রেস্ট ও গরান কাঠের লাঠি উদ্ধারের কথা নিশ্চিত করেন তিনি।
এ সময় কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শিবির কর্মী তামিম ওরফে তালহা (২৪), কালিগঞ্জের মুকুন্দপুর গ্রামের আবু মুছার ছেলে ইকবাল হোসেন (২৬) ও সদরের লহ্মীদাড়ী গ্রামের সিরাজউদ্দিনের ছেলে মনির হোসেনকে (২৪) আটক করা হয়।
ওসি আরো জানান, আটকরা জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল এমন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
