২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে মারামারি; পুড়ল দোকান, ভাঙল গাড়ি

৬০ টাকা বেশি চাওয়া নিয়ে তর্কাতর্কি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে নীলক্ষেতের দোকানিদের সংঘর্ষে আগুন ধরানো হয়েছে কয়েকটি দোকান, ভাংচুর হয়েছে কয়েকটি গাড়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার বিকাল পৌনে ৬টা থেকে আধা ঘণ্টার এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন, যার মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদের সঙ্গে দোকানিদের এই মারামারি থামাতে পুলিশকে কাঁদুনে গ্যাসের সঙ্গে রবার বুলেটও ছুড়তে হয়।

এই ধরনের সংঘর্ষ এড়াতে ব্যবসায়ীদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। ব্যবসায়ীরাও বলেছেন, তারা সতর্ক থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতে একসঙ্গে বইয়ের অনেকগুলো মার্কেট রয়েছে, তারই একটি শাহজালাল মার্কেটের সোনিয়া বুক হাউস নামে একটি দোকানে গোলমালের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী, ছাত্র ও ব্যবসারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে জহুরুল হক হলের কয়েকজন ছাত্র সোনিয়া বুক হাউস থেকে কেনা বই ফেরত দিতে গেলে দোকানের কর্মচারীদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি এবং ধাওয়া-ধাওয়ি হয়।

এরপর জহুরুল হক হল ও এফ রহমান হলের শতাধিক শিক্ষার্থী লাঠি, রড, হকিস্টিক নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে গেলে দোকানকর্মীরা জোট বেঁধে তাদের দিকে ইট ছুড়তে থাকে।  তখন দুই পক্ষে সংঘর্ষ বাঁধে।

শাহজালাল বই মার্কেট সমিতির সাধারণ সম্পাদক মো.আবু জাফর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,একটি বই নিয়ে ১৫ দিন পর তা ফেরত দিয়ে শিক্ষার্থীরা নতুন বই চাইলে কর্মচারী তাদের বলে যে নতুন বইটি পেতে হলে আরো ৬০ টাকা বেশি দিতে হবে।

এনিয়ে কর্মচারীর ধস্তাধস্তি হয় এবং তা থেকে সংঘর্ষ বাঁধে বলে জানান তিনি।

ছাত্ররা জানায়, তর্কাতর্কির এক পর্যায়ে কয়েকটি দোকানের লোকজন একত্রিত হয়ে নুর মোহাম্মদ নামে এক শিক্ষার্থীকে আটকে রাখে। এই খবর ক্যাম্পাসে গেলে হল থেকে ছাত্ররা নেমে আসে।

৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই সংঘর্ষ চলার সময় বেশ কয়েকটি বইয়ের দোকানে অগ্নিসংযোগ হয় এবং সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর হয়।

পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ বন্ধ করে দেয়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ছোড়া হয়।

সংঘর্ষ থামার পর সেখানে গিয়ে ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকানের আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে বিক্রেতাদের তৎপর দেখা যায়।

ফলের দোকানের মালিক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ বছর ধরে নীলক্ষেতে ব্যবসা করছি। কখনো দেখিনি, ছাত্ররা দোকানে আগুন দিয়েছে।”

চাঁদপুরের হাবিব এই দোকানের আয়ে তার ছোট ভাই ফরিদ হোসেনকে ঢাকার শেখ বোরহানউদ্দীন কলেজে পড়ান। গ্রামে তার স্ত্রী ও দুই সন্তানের জন্য অর্থ পাঠান।

“দোকানটা পুড়ে যাওয়ায় একবারেই নিঃস্ব হয়ে গেছি,”  বলতে বলতে চোখের পানি মোছেন তিনি।

ফুটপাতের আরেক দোকানি মো. সবুজ বলেন, “ভাই ঝামেলা হইছে মার্কেটের ভেতরে। তার জন্য আমাগো দোকান পুড়ছে কেন? এর বিচার কার কাছে চামু।”

সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্র ও দোকানকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের দুই কর্মচারীও রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জখম নিয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত  ছাত্ররা হলেন- সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র সাব্বির হোসেন (সমাজবিজ্ঞান প্রথম বর্ষ), আবু সায়েম (বাংলা প্রথম বর্ষ), শাহাদৎ হোসেন (বাংলা প্রথম বর্ষ), আলিম (স্বাস্থ্য অর্থনীতি, প্রথম বর্ষ), নূর মোহাম্মদ (লোক প্রশাসন, প্রথম বর্ষ), ইসমাঈল (দ্বিতীয় বর্ষ), স্যার এফ রহমান হলের সোহান (ইংরেজি প্রথম বর্ষ), আশরাফুল (নাট্যকলা প্রথম বর্ষ), শিমুল (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দ্বিতীয় বর্ষ)।

এফ রহমান হলের ক্যান্টিন ম্যানেজার বাবুল আক্তার ও কর্মচারী আবদুল করিম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ সাংবাদিকদের বলেন, “দোকান মালিকদের ব্যবসায়ী মনোভাব থাকা উচিত। দাম নিয়ে ঝামেলা হলেই শিক্ষার্থীদের মারধর করতে হবে, এটা কোনো ব্যবসায়িক নীতি না।”

একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সঙ্গে কী রকম আচরণ করা উচিত, সে শিক্ষা দিয়েই দোকানে কর্মচারী নিয়োগ দেয়ার পরামর্শ দেন তিনি।

প্রক্টর জানান, শিক্ষার্থীদের হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে ব্যবসায়ীদের সঙ্গে বসবেন তারা।

মার্কেট সমিতির নেতা জাফর মিয়া বলেন, “সামান্য একটি বিষয়ে ভুল বোঝাবুঝির ফলে এই ঘটনা ঘটেছে। আমরা আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করতে চাই।”

ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা দোকান মালিক এবং কর্মচারীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।