নওগাঁর বাস ধর্মঘট প্রত্যাহার
পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার নওগাঁ থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
প্রশাসনের মধ্যস্থতায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির সঙ্গে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধ মীমাংসার পর বাস ধর্মঘটের অবসান হয়।
রাজশাহীর বিভাগীয় কমিশনার অফিসে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার মধ্যে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক করার জন্য বৃহস্পতিবার বিকালে বৈঠক হয়।
এ পাঁচ জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল উদ্দিন আহম্মেদ।
সভা শেষে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, রাজশাহী থেকে নওগাঁ-জয়পুরহাট হয়ে দিনাজপুরের হিলি পর্যন্ত নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাটের তিনটি বাস চলাচল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া, বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়নের একটি বাস শাহ ফতেহ আলী পরিবহনের নামে নওগাঁর সাপাহার পর্যন্ত চলাচলের জন্য নওগাঁ ও বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পরিবহন মালিক-শ্রমিকদের পৃথক বৈঠক করে স্থানীয়ভাবে সমস্যার সমাধান করার জন্য বলা হয়েছে।
রাতে আলোচনা বৈঠক শেষে বাস চলাচলের সিদ্ধান্ত নেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিরোধের জেরে নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপ গত ৬ এপ্রিল রাতে সকল দূরপাল্লার বাস বন্ধ করে দেয়।
এরপর থেকে নওগাঁর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
