খাগড়াছড়িতে বৈসাবির আনন্দ শোভাযাত্রা
চৈত্র সংক্রান্তি ও নববর্ষে পাহাড়ের অনুষ্ঠান বৈসাবিকে সামনে রেখে শুক্রবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।
সকালে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অতীতের সব গ্লানি দুঃখ, কষ্ট, হিংসা, হানাহানি ভুলে পাহাড়ের মানুষ নতুনভাবে নব উদ্যমে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার থেকে পাহাড়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান বৈসাবি শুরু হবে। ত্রিপুরাদের বৈসু, মার্মাদের সাংগ্রাই ও চাকমাদের বিজুকে একসঙ্গে বৈসাবি বলা হয়।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পরিষদ কার্য্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
ঐতিহ্যবাহী রঙিন পোশাকে নিজ নিজ সংস্কৃতিকে তুলে ধরতে পার্বত্য এলাকায় বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা এতে অংশ নেন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।
