২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচার শিশুদের ফেরাতে হাইকোর্টের রুল

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৭২ শিশুকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 08:01 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।

তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পররাষ্ট্র সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মো. আসাদ উল্লাহ ও মো. জেআর খান রবিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ফিরতে চায় ভারতে বন্দী ৭২ শিশু’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আনলে আদালত স্বপ্রণোদিত হয়ে এই রুল দেন।

আইনজীবী জেআর খান রবিন জানান, রুল জারির পাশাপাশি ওই শিশুদের ফেরাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আগে কেন ব্যবস্থা নেননি- অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তা জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত বলেছে, বাংলাদেশ থেকে পাচারের শিকার নারী ও শিশুদেরকে সাধারণত মুম্বাই ও কলকাতায় পাওয়া যায়।

“রুল জারির পাশাপাশি তাদেরকে ফেরাতে সরকারের কি কি ম্যাকানিজম রয়েছে, এ পর্যন্ত সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দেয়া হয়।”

আগামী রোববার এব্যাপারে বিস্তারিত আদেশ পাওয়া যাবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাওয়া ৭২ মেয়ে ও ছেলে শিশু বিএসএফ ও পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় সেল্টার হোমগুলোতে পাঠানো হয়।

“এখন সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। এই শিশুদের বেশিরভাগই ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নাটোর, দিনাজপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা। এ শিশুদের কাজ দেয়ার কথা বলে দালালরা ভারতে নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে। এরা এখন মুক্তি চায়, ফিরে আসতে চায় দেশে।”