তারেকের কটুক্তি: পাবনায় মামলা, রাবিতে কুশপুতুল দাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাবনায় এক আওয়ামী লীগ নেতা মামলা করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার কুশ পুতুল পোড়ায় ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর থানায় মামলাটি করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার উপ কমিটির সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য খ ম হাসান কবির আরিফ।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি এ মামলা দায়ের করেন আওয়ামী লীগ নেতা।
“এজহারটি যাচাই বাছাই চলছে এখনো নথিভুক্ত করা হয়নি।”
মামলাকারী হাসান কবির আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি লন্ডনে এক সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক রহমানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এ মামলাটি করেছি।”
এদিকে এ মন্তব্যের প্রতিবাদে তারেক রহমানের কুশপুত্তলিকা পুড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেটে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ সভাপতি রানা চৌধুরী, রাশেদুল ইসলাম রাঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব প্রমুখ।
বক্তারা তারেককে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্য দেয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিচার করতে হবে।
সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে ব্ঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেন তারেক রহমান।
