জামালপুরে নৈশ প্রহরী খুন
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক নৈশ প্রহরীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার এক সহকর্মী।
ইসলামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার জে জে কে এম গার্ল্স হাইস্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত উমর আলী (৩৫) উপজেলার মৌজাজাল্লা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
এসআই মুখলেছুর বলেন, ভোরে ইসলামপুর জে জে কে এম গার্ল্স হাইস্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশ প্রহরী উমর আলীর সঙ্গে আরেক নৈশ প্রহরী মো. ঘুরির (৬৫) কথা কাটাকটি হয়। এক পর্যায়ে ঘুরি লাঠি দিয়ে উমরকে বেধড়ক পেটায়। উমরের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে ঘুরি পলাতক। তার বাড়ি ইসলামপুরের নটারকান্দা গ্রামে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
