২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফা ট্যোবাকোর মালিকদের বিরুদ্ধে সম্পত্তি জব্দের মামলা

৬০ কোটি টাকার বেশি শুল্ক আদায়ে আলফা ট্যোবাকো লিমিটেডের পরিচালকদের সম্পত্তি জব্দে মামলা করেছে যশোর কাস্টমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 11:20 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

তাদের ৬০ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা শুল্ক বকেয়া রয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।

গত ৮ বছর ধরে উৎপাদন বন্ধ থাকা এ প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিশ দিলেও শুল্ক আদায় করতে না পারায় গত ২ এপ্রিল মামলার আশ্রয় নেয় কাস্টমস।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শফিকুল ইসলাম জানান, আলফা ট্যোবাকো দ্রুত সরকারের পাওনা টাকা পরিশোধ না করলে আইন অনুযায়ী কোম্পানির সব পরিচালকদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হবে।

যাদের সম্পত্তি জব্দ করা হবে তারা হলেন আগা ইউসুফ, তার ছেলে আগা আহমেদ ইউসুফ, আকতার ইউসুফ, মোহাম্মদ সলিমূল্লাহ, ইউসুফ এইচ সিরাজি, এ এইচ চৌধুরি, সিরাজুল হক, জাকির এইচ সিরাজি, মহিউদ্দিন আহমেদ, এবং ইমতিয়াজ আহমেদ।

তবে আগা ইউসুফ মারা যাওয়া প্রসঙ্গে তিনি জানান, যে সময় থেকে শুল্ক পাওনা তখন তিনি কোম্পানির দায়িত্বে ছিলেন।

কেউ মারা গিয়ে থাকলে তার নাম মামলা থেকে বাদ যাবে কিনা তা আদালত দেখবে বলে মন্তব্য করেন তিনি।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তর যশোরের সহকারী কমিশনার রেজাউল হক জানান, আলফা ট্যোবাকোর কাছে সরকারের রাজস্ব বকেয়া আছে একশ’ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।

এ নিয়ে কয়েকটি মামলা থাকায় সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে ৬০ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা রায় দিয়েছে।

বাকি টাকা মামলার নিষ্পত্তির উপর নির্ভর করছে  বলে জানান তিনি।

২০১৩ সালের ১৩ জুলাই সর্বশেষ চিঠি দেবার পর সরকারের পক্ষ থেকে পাওয়া টাকা আদায়ে এ মামলা করা হয়েছে বলে জানান তিনি।

তবে আলফা ট্যোবাকো লিমিটেডের উপমহাব্যবস্থাপক মনসুরুল হক বলেন, “কাস্টমস আমাদের কাছে যে পরিমাণ টাকা রাজস্ব হিসেবে দাবি করছে তা সঠিক নয়।”

বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।