বরিশালের প্রবীণ সাংবাদিক এস আলী মোহাম্মদ মারা গেছেন
বরিশালের প্রবীণ সাংবাদিক এস আলী মোহাম্মদ মারা গেছেন।
দীর্ঘ দিন বার্ধক্য জনিত রোগে ভুগে বুধবার বিকেলে নগরীর লাইন রোড এলাকায় নিজের বাড়িতে ৯৬ বয়সে মৃত্যু হয় তার।
১৯৪২ সালে ম্যাট্রিক পাস করে কনিষ্ঠ প্রতিবেদক হিসেবে দৈনিক আজাদী পত্রিকায় যোগ দেন তিনি। এরপর মাসিক রূপমঞ্চ, নও জোয়ান পত্রিকায় কাজ করেন।
১৯৪৭ সালে মাসিক ‘প্রতিভা’ নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হন। খ্যাতনামা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী এই পত্রিকাতেই প্রথম কাজ করেন।
১৯৫০ সালে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে ৫৬ সালে সাপ্তাহিক খাদেমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব নেন। ৪২ বছর ধরে পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিক জীবনে কলকাতার আনন্দবাজার, যুগান্তর, নবযুগ স্বরাজ থেকে ঢাকার ইত্তেফাকসহ অনেক পত্রিকায় তার বহু নিবন্ধ ছাপা হয়।
সাংবাদিকতা ছাড়াও এস আলী মোহাম্মদ প্রায় একশ’ নাটকে অভিনয় ও নাট্য পরিচালনা করেছেন। তার বহু নাটক বেতারে প্রচারিত হয়েছে।
এছাড়া তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সাহিত্য মালঞ্চ, ছাত্র সুহ্রদ, পাথর লেখা, বিচিত্র এ ধারা, কীর্তনখোলার বাকে, কবিতা সংগ্রহ উল্লেখযোগ্য।
বুধবার রাতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জানাজা শেষে বগুড়া রোড মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে সাংবাদিকসহ নানা পেশার মানুষ প্রবীন এই সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
