পাবনা এডওয়ার্ডে পরীক্ষা দেয়ার অনুমতির দাবিতে মানববন্ধন
পাবনা এডওয়ার্ড কলেজের ১৩টি বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন জটিলতায় পরীক্ষা দেয়ার অনুমতি না মেলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে প্রায় দুইশ’ ভুক্তভোগী শিক্ষার্থী।
তবে কলেজ কর্তৃপক্ষ দাবি করছে সমস্যাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারণেই হয়েছে।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সোহেল শরীফ চৌধুরী বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজের ১৭৮ জন শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করে।
“কিন্তু এখন তাদের রেজিস্ট্রেশন কার্ড না আসায় তারা পরীক্ষার ফরম পূরণ করতে পারছেন না।”
এমন পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে পুণরায় স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে পরামর্শ দেয়া ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।
কলেজের স্নাতকোত্তর ভর্তি কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক নিয়ামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অনার্সের ফলাফলের আগেই ১৩টি বিভাগে ১৭৮ জন শিক্ষার্থীকে মাস্টার্সে ভর্তি করা হয়।
“এদের মধ্যে ১২০ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় পাস করতে না পারায় তাদের ভর্তি বাতিল হয়ে যায়।
বাকি ৫৮ জনের এবার স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষায় অংশ নেয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি জানান, খুব দ্রুতই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে বৈঠক হবার কথা রয়েছে।
সমস্যাটি শুধু এডওয়ার্ড কলেজেই নয় দেশের অন্য অনেক কলেজের শিক্ষার্থীরাও এই সমস্যায় পড়েছে বলে তিনি জানিয়েছেন।
পাবনা এডওয়ার্ড কলেজ উপাধ্যক্ষ বজলুর রহমান বলেন, “এর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সমস্যা হয়েছে।
“তখন পাসের কাগজপত্র জমা দিলে শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
