মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
মান সনদ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রির অভিযোগে চট্টগ্রামের সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসএটিআই।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নজু মিয়া হাটের হক ফ্যান ইন্ডাস্ট্রি, কালুরঘাট শিল্প এলাকার এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, হামজারবাগের বি ই মেটাল ইন্ডাস্ট্রি, এম কে ইলেকট্রনিক্স, আতুরার ডিপোর বি এম ইন্ডাস্ট্রি, ফকিরহাটের গ্লোবাল এনার্জি এসেম্বলিং প্ল্যান্ট ও হামজারবাগের এন ই সি সুপার অ্যান্ড কেবলস।
বিএসটিআইয়ের উপ-পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান শওকত ওসমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিম আদালতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব কারখানায় বিএসটিআইয়ের সনদ ছাড়া এবং গুণগত মান পরীক্ষা না করে সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এনার্জি বাল্ব ও সুপার এনামেল কন্ডাক্টর উৎপাদন ও বিক্রির প্রমাণ মেলায় ১৯৮৫ সালের বিএসটিআই অধ্যাদেশের (সংশোধিত ২০০৩) বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।
