২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ দুর্নীতির মামলায় রেলের ৬ কর্মকর্তার সাক্ষ্য

পূর্ব রেলের সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ছয় কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমানের আদালতে সাক্ষ্য দেন রেলওয়ের যুগ্মপরিচালক শামসুজ্জামান, পশ্চিম রেলের চিফ সুপারিনটেনডেন্ট মিয়া জাহান, কেন্দ্রীয় রেল ভবনের টেলিকম শাখার কর্মকর্তা নাসির উদ্দিন, পশ্চিমাঞ্চলের এজিএম শহীদুল ইসলাম, জুনিয়র সমাজকল্যাণ কর্মকর্তা এস এম আবদুল্লাহ ও জুনিয়র পার্সোনাল অফিসার জহিরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) মাহমুদুল হক জানান, সাক্ষীদের মধ্যে প্রথম তিনজন এ সংক্রান্ত তদন্ত কমিটির সদস্য। বাকিরা জব্দ তালিকার সাক্ষী।

আদালত আগামী ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে, বলেন মাহমুদুল হক।

এর আগে গত ২৫ মার্চ ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলায় আদালতে নয় জন রেল কর্মকর্তা ও কর্মচারী সাক্ষ্য দেন।

সহকারী কেমিস্ট পদে নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় গত ১৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন দুদক ঢাকা অঞ্চলের সহকারী কমিশনার ও মামলার বাদি এস এম রাশেদুর রেজা।

এ মামলার আসামিরা হলেন- পূর্ব রেলের তৎকালীন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সহকারী কেমিস্ট পদপ্রার্থী সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৩ মার্চ ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর সর্বশেষ গত ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন হাফিজুর রহমান চৌধুরী।

‘সহকারী কেমিস্ট’ ও ‘ফুয়েল চেকার’ পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।

এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।