২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের এক নারী এবং চাঁদপুর সদরে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

সিরাজগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:02 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নকলা মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের বাস চাপায় রিকশাভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের শিশুসন্তানসহ আরো তিনজন।

দুর্ঘটনায় নিহত পিঞ্জিরা খাতুন (৩৫) উপজেলার চরদোগাছি গ্রামের জহরুল ইসলামের স্ত্রী। আহত হাবিব তাদের সন্তান। অন্য আহতদের মধ্যে রিকশাভ্যানের চালক বননা ছাড়াও অজ্ঞাত পরিচয় এক নারী রয়েছেন।

আহতদের সদর হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার সহকারী এসআই মাসুদ রানা।

তিনি জানান, এদের মধ্যে আট বছরের শিশু হাবিবের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার চাচা গোলাম মোস্তফা।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘাতক বাসসহ চালক আব্দুর রহিমকে আটক করেছে। তার বাড়ি বগুড়া জেলা সদরের চরসূত্রাপুর গ্রামে।   

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই নারী ও এক শিশু যাত্রী নিয়ে রিকশাভ্যানটি নলকা মোড়ে মহাসড়কে উঠার সময় ঢাকা থেকে রংপুরগামী ‘মারজানুল পরিবহনের’ বাসটি পেছন থেকে চাপা দেয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে কিছু সময়ের জন্য যানযটের সৃষ্টি হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চাঁদপুর সদরে মটরসাইকেল আরোহী নিহত

অন্যদিকে, চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মটরসাইকেল আরোহী।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, বুধবার দুপুরে রালদিয়া এলাকায় বাবুরহাট-মতলব সড়কে এই দুর্ঘটনায় নিহত মো বিল্লাল (২৬) শহরের মিশন রোড এলাকার মো মিন্টুর ছেলে।

তিনি বলেন, “বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান।

“এ সময় তার সাথে থাকা আরো এক যুবক আহত হয়েছে।”