২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে রেলের জমি উদ্ধার অভিযানে হামলা

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের জমি থেকে অর্ধশতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার দুপুরে উচ্ছেদকালে সংশ্লিষ্টরা বিক্ষোভ করে এবং তাদের হামলায় উচ্ছেদে নিয়োজিত ১০/১২ জন শ্রমিক আহত হন।

জয়দেবপুর জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় স্টেট অফিসার মো. নূরুন্নবী কবির ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চলে।

অভিযান চলাকালে উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় সংশ্লিষ্টরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা উচ্ছেদ শ্রমিকদের ওপর হামলা চালালে কয়েকজন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অভিযানের ব্যাপারে ওই এলাকার চা স্টলের মালিক জোৎস্না বেগম বলেন, “কোনোরকম সময় না দিয়েই দোকানপাট ভাঙা শুরু করে।

“আমরা নিজ দায়িত্বে দোকানপাট সরানোর কাজ করলেও ওইসব লোকজন দা দিয়ে কুপিয়ে দোকানপাট ভাংচুর করে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ করে।”

পরে সাবেক গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া রেলওয়ে কর্তৃপক্ষের সাথে এ নিয়ে বৈঠকে করেন।

বৈঠকে অবশিষ্ট দোকান-পাট সরিয়ে নিতে সংশ্লিষ্টদের এক সপ্তাহ সময় দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

রেলওয়ের ঢাকা ডিভিশনাল স্টেট অফিসার নূরুন্নবী কবির সাংবাদিকদের জানান, সম্প্রতি জয়দেবপুর রেলওয়ে জংশনের অবৈধ স্থাপনা ও দখলদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

রেলওয়ের সীমানা প্রাচীরের ভেতর অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

বেলা ১১টার দিকে রেলওয়ের ফলপট্টিতে শ্রমিকরা উচ্ছেদ করতে গেলে দখলকারীরা তাদের ওপর ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে হামলা করে।

রেলপথ সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।