লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর উপজেলায় স্থগিত কেন্দ্রে নির্বাচনের দিন কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ ছাত্র ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ফাতেমা বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে আটক হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন রুবেল এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি আতিকুল আলম।
এ সময় তাদের কাছ থেকে তিনটি এলজি, ১১ রাউন্ড কার্তুজ, পিস্তলের ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি ইকবাল হোসেন বলেন, “ভোট চলার সময়ে কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের তল্লাশি করে অস্ত্রগুলো পাওয়া যায়।”
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
