রংপুর মেডিকেলে শিক্ষানবিশদের ধর্মঘট স্থগিত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট স্থগিত করেছে শিক্ষানবিশ চিকিৎসকরা।
ধর্মঘটে তৃতীয় দিন বুধবার দুপুরে শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিজু আহমেদ বিপ্লব।
তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ১৪ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হল।
“এ সময়ের মধ্যে ছাত্রাবাস থেকে দুই শিক্ষানবিশ চিকিৎসকের লুট হওয়া দুটি ল্যাপটপ, টাকা ও মোবাইল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করা না হলে ১৫ এপ্রিল থেকে আবারও ধর্মঘট চলবে।”
গত রোববার দুপুরে শিক্ষানবিশ চিকিৎসকদের ছাত্রাবাসে ঢুকে দুই চিকিৎসকের দুটি ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় বহিরাগত সন্ত্রাসীরা। লুট হওয়া মালামাল উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার এবং ছাত্রাবাসে সার্বক্ষণিক পাহারাদার নিয়োগের দাবিতে সেদিন সন্ধ্যা ৬টা থেকে লাগাতার ধর্মঘটে যান শিক্ষানবিশরা।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুস সালাম জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি অনুযায়ী একজন প্রহরী নিয়োগ দেয়া হয়েছে।
লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপারকে বলাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।
