চরের জমি নিয়ে কৃষক নিহত, আটক ৩
চরাঞ্চলের জমি নিয়ে সংঘর্ষে সিরাজগঞ্জে কৃষক নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে আটকরা হলেন কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সালগ্রামের মৃত আব্দুর রহমান মুন্সীর ছেলে আব্দুল বাছেত ওরফে দুলাল মাওলানা (৫৭), আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৫২) ও উত্তর সালাল গ্রামের শুকুর সুতারের ছেলে শাহজালাল(৫৭)।
আগের দিন বিকেলে সংঘর্ষে মনসুর নগর ইউনিয়নের বাউড়ামাড়ি গ্রামের মৃত চান্দুল্লা মন্ডলের ছেলে দুদু মিয়া (৬২)নিহত এবং অন্তত সাতজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে আব্দুল গনিকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জুয়েল রানাকে (২৬) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজীপুর থানার ওসি আব্দুল জলিল জানান, মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে চরগিরিশ ইউনিয়নের মাতব্বর কৃষক দুদু মিয়া এবং মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, মাতব্বর মুছা, আনোয়ার হোসেনের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জেরে মঙ্গলবার বিকেলে লোকজন নিয়ে কৃষক দুদু মিয়া বিবাদমান জমির পরিচর্যায় গেলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে।
উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৭ আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় নদীপথে নৌকায় করে হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে কৃষক দুদু মিয়ার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানায় পুলিশ।
