বকুনিতে ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা
স্ত্রী-সন্তানের ভরণ-পোষণ দিতে না পারার জন্য বকুনি দেয়ায় পুরান ঢাকায় বৃদ্ধ নুরুল ইসলামকে তার ছেলে খুন করেন বলে পুলিশ জানিয়েছে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেন জানান, এ ঘটনায় নুরুলের ছেলে মামুনকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের এক খাবারের হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ মার্চ দুপুরে বংশাল থানার আরমানিটোলা গোবিন্দ দাস লেনে একটি চারতলা বাড়ির নিচতলায় ৮০ বছরের নুরুল ইসলাম খুন হন। তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এরপর থেকে ছেলে মামুন পলাতক ছিলেন।
জিজ্ঞাসাবাদে মামুন তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান পরিদর্শক আবুল।
তিনি বলেন, “স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ দিতে না পারায় ছেলেকে বকা দেন নুরুল ইসলাম।এতে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে মামুন তার বাবাকে হত্যা করে বলে পুলিশকে জানিয়েছে।”
মামুনের স্ত্রী-সন্তান ও মা থাকলেও ঘটনার সময় তারা কেউ বাড়ির নিচতলায় ছিলেন না বলে জানান পুলিশ কর্মকর্তা।
মামুন মাদকাসক্ত কি না জানতে চাইলে তিনি বলেন, “মামুন বলেছে, সে ট্যাবলেট ছাড়া আর কিছু খায় না।”
