স্বাস্থ্যখাতে এবার বরাদ্দ বাড়ছে: নাসিম
আগামী বাজেটে স্বাস্থ্যখাতে দুই হাজার কোটি টাকা বেশি বরাদ্দ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেন, “অর্থমন্ত্রী আমাকে এ বিষয়ে কথা দিয়েছেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিক। প্রতি বছরের মতো এবারে এ খাতে বরাদ্দ কম হবে না।”
আগামী বাজেটে এই খাতে বরাদ্দ দ্বিগুণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শুধু ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে নয়, প্রতিটি জেলা শহরে বার্ন ইউনিট স্থাপন করে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করব।
ফাইল ছবি
এছাড়া আগামী শিক্ষাবর্ষেই চট্টগ্রাম মেডিক্যালে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বাস্তব রূপ চট্টগ্রামবাসী দেখতে পাবে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। কাজ শুরু হয়ে গেছে।
‘‘কিভাবে শিক্ষক নিয়োগ হবে, সিলেবাস হবে তা নিয়ে কাজ চলছে।’’
এ অনুষ্ঠানে রিহ্যাবের পক্ষ থেকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটের জন্য দশটি শয্যা দেয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ব্যবসায়ীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহবান জানান।
