শিক্ষকের উপর হামলা: বরিশাল পলিটেকনিক উত্তাল
শিক্ষকের উপর এক ছাত্রের হামলার জেরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
হামলাকারী ওই ছাত্রের বিচারের দাবিতে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার মানববন্ধন করেছেন শিক্ষকরা।
সাধারণ শিক্ষার্থীরাও শিক্ষকদের মানববন্ধনে যোগ দিতে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে পলিটেকনিক ক্যাম্পাসে মানবন্ধনকালে ছাত্রলীগের একটি পক্ষ শিক্ষকদের উপর চড়াও হওয়া চেষ্টা চালায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, “শিক্ষকদের মানববন্ধনে কেউ ঝামেলা করেনি।
“এক ছাত্র শিক্ষকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ার চেষ্টা করলে তাকে সরিয়ে দেয়া হয়।”
মেয়ে বন্ধুকে ক্লাস থেকে বের হতে না দেয়ায় গত রোববার (৬ এপ্রিল) ইলেক্ট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর শফিউল ইসলামকে ক্যাম্পাসে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে ইলেক্ট্রমেডিকেল বিভাগের ছাত্র ইস্রাফিল মীম।
ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করলেও অধ্যক্ষ মোশারেফ হোসেন তাকে ছাড়িয়ে আনেন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা ওই দিন থেকেই ক্লাস বর্জন করে ধর্মঘট করছেন।
শিক্ষক আসাদুল্লাহ খান শাওন জানান, উচ্ছৃঙ্খল ছাত্রের বিচারের দাবিতে তাদের এ আন্দোলন, কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়।
“অথচ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কর্মসূচি পণ্ড করার চেষ্টা করেছে।”
আন্দোলনরত অপর শিক্ষক ইয়াকুব আলী জানান, হামলাকারীর বিচার এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য কলেজ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
“বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকের উপর হামলাকারী ছাত্রের শাস্তি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে ৬৪ জন শিক্ষকের জোট।
সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেয়।
এ সময় ছাত্রলীগকর্মী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মাহমুদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ শিক্ষকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।
তবে আগে থেকেই ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ তাদের বাধা দেয়।
এ ব্যাপারে ছাত্রলীগকর্মী মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। তবুও ওই ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।
“ছাত্রলীগকে জড়িয়ে কিছু বললে, তারা তো আর বসে থাকবে না। শিক্ষকরা না হয়ে অন্য কেউ হলে, পরিস্থিতি অন্যরকম হতো।”
এ ব্যাপারে রোববার শিক্ষককে লাঞ্ছনাকারী ছাত্র মীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
