‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ স্নাতক পাঠ্যসূচিতে
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতকের পাঠ্যসূচিতে আবশ্যিক কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির সব অনুষদের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের কোর্সটি আবশ্যিক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় অভিভুক্ত সব কলেজে ইতিহাস বিষয়ের শিক্ষকগণ কোর্সটি পড়াবেন।
যেখানে ইতিহাস বিষয়ে শিক্ষক নেই সেখানে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং যেখানে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নেই সেখানে কোর্সটি পড়াবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষকগণ।
কোর্সটির গুরুত্ব বিবেচনায় রেখে অধিভুক্ত সব কলেজে ইতিহাস বিষয়ের শিক্ষক নিয়োগ দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার জন্য কলেজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
