২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের লাশটি স্বেচ্ছাসেবক লীগ নেতার

গাজীপুরের ভোগড়া এলাকায় দুই দিন আগে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেয়া লাশটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বলে সনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 01:49 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

তার নাম শেখ মো. মুনিম ফয়েজ (৪০)। তিনি রাজধানীর কলাবাগান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার বাসা রাজধানীর ধানমণ্ডিতেই।

রোববার দুপুরে ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অ্যাম্বুলেন্স থেকে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. একরামুল হক জানান, সোমবার সন্ধ্যায় স্বজনরা এসে লাশ সনাক্ত করে। ময়নাতদন্তের পর লাশ মুনিমের স্বজনদের কাছে দিয়ে দেয়া হয়।

মুনিম বাগেরহাটের চিতলমারী থানার বড়গুনী এলাকার মো. ফয়েজ উল্লার ছেলে।

নিহতের ছোটভাই শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, শনিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে স্ত্রীর সঙ্গে মুনিমের সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে আর কোনো খবর মিলছিল না।

“বড় ভাই ভাবিকে ফোনে বলে, একটা প্রয়োজনে তিনি ধানমণ্ডি থানায় যাচ্ছেন। কিছুক্ষণ পর ফিরবেন বলে জানিয়েছিলেন।”

তখন মুনিমের সঙ্গে দুজন লোক ছিল বলে জানালেও তাদের পরিচয় বলতে পারেননি ফয়েজ।

বাসায় না ফেরায় রাত ১০টার দিকে মুনিমের মোবাইলে কল করে বন্ধ পান স্বজনরা। এরপর রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিভিন্ন পত্রিকায় গাজীপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে গাজীপুর সদর হাসপাতাল মর্গে গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করেন ফয়েজ।

মুনিমের সাত ও তিন বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

অ্যাম্বুলেন্স থেকে পড়ল যুবকের লাশ