তিস্তা চুক্তি বাদ দিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নয়: সেলিম
তিস্তার পানি বণ্টন চুক্তি বাদ দিয়ে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৭ থেকে ১৯ এপ্রিল লালমনিরহাটে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে যৌথভাবে আয়োজিত সমাবেশে সিপিবি সভাপতি সেলিম বলেন, “আন্তর্জাতিক নদীর মালিকানা ভারতের একার নয়। তাই ভারত কোনোভাবেই একতরফাভাবে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার করতে পারে না।”
ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহার এবং ফারাক্কা ও টিপাইমুখ প্রকল্প, আন্তঃনদী সংযোগ প্রকল্প আইনের সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেন তিনি।
সেলিম বলেন, “ভারত-বাংলাদেশের বন্ধুত্ব যারা চায় না, তারাই তিস্তা চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাদ দিয়ে দুই দেশের বন্ধুত্ব সম্ভব নয়। তাই তিস্তা চুক্তি অথবা বন্ধুত্ব- দুটোর একটা বেছে নিন।”
ঢাকা থেকে তিস্তা অভিমুখে ‘তিস্তা মার্চ’ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “ জ্বালানি নিয়ে যুদ্ধের পরে এখন পানি নিয়ে যুদ্ধের তোড়জোড় চলছে। একসময় বাংলাদেশ ছিল পানির আধার।
“কিন্তু শাসকশ্রেণির অর্থলিপ্সা আর গণবিরোধী নীতির কারণে পানি-সংকটে বাংলাদেশ এখন বিপন্ন।”
তিনি বলেন, “বাংলাদেশের কোনো সরকারই ভারতের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারেনি। আমাদের সরকারগুলো কখনো ভারতের প্রতি নতজানু নীতি অনুসরণ করে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, আবার কখনো ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িক উস্কানির আড়ালে তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে।”
সমাবেশে অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন নাগরিক ঐক্যের ইফতেখার আহমেদ বাবু এবং প্রকৌশলী ম. এনামুল হক।
