২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরুদ্ধে নয়, বলেছি আদালতের পক্ষে: গয়েশ্বর

‘অবমাননাকর উক্তি’র ব্যাখ্যা দিতে হাই কোর্টের তলবের আদেশের পর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি আদালতের বিরুদ্ধে কিছু বলেননি।

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 09:04 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

হাই কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সোমবার বলেছেন, “আমি আদালতের বিরুদ্ধে কিছু বলিনি। আদালতের ওপর হস্তক্ষেপ হচ্ছে, এটাই বলতে চেয়েছি।

গয়েশ্বরের একটি উক্তিকে অবমাননাকর মনে করে তার ব্যাখ্যা দিতে সোমবার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ তলবের এই আদেশ দেয়।

আগামী ২০ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আদালতে হাজির থাকতে হবে।

ওই আদেশ মেনে নিজের বক্তব্য নিয়ে আদালতে যাবেন বলে জানান তিনি।

রোববার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক মানববন্ধন কর্মসূচিতে গয়েশ্বর বলেছিলেন, “সব কোর্ট মুজিব কোটে বন্দি।”

তার এই বক্তব্য সংবাদপত্রে দেখে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত আদেশ দিয়েছে। গয়েশ্বরের সঙ্গে ড্যাব সহসভাপতি অধ্যাপক এমএ সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকেও তলব করা হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৯ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক আলোচনা সভার বক্তব্যে তিনি আদালতের আদেশের প্রতিক্রিয়া দেন গয়েশ্বর।

রোববারের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আদালতে হস্তক্ষেপের সঙ্গে আদালত অবমাননার তফাৎ কি? কয়েকটি ঘটনা থেকে দেশের জনগণ ও আমাদের সন্দেহ হয়েছে, দেশের বিচার বিভাগ তথা আদালত স্বাধীন ও মুক্ত নয়। মুজিব কোটে সবকিছু বন্দি হয়ে আছে।

“মুজিব কোটের পকেট ছিঁড়ে আদালতকে মুক্ত করতে হবে- এর মাধ্যমে আমি বিচার বিভাগ ও আদালতের পক্ষে কথা বলেছি। আদালতের বিরুদ্ধে আমি কিছু বলিনি।”

এই প্রসঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেশে অবস্থানরত ছেলের নয় বছরের কারাদণ্ড হলেও পরে হাই কোর্টে হাজির হয়ে জামিনে নেয়ার কথা তুলে ধরেন এই বিএনপি নেতা।

“নিম্ন আদালত তথা বিচারিক আদালতে হাজির হলে অভিযুক্তকে একদিনের জন্য হলেও জেলে যেতে হয়। কিন্তু আলালের ঘরে দুলাল সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলেকে জেলে যেতে হয়নি, বাড়িতেই থাকলেন। এটা কি আদালতের ওপর হস্তক্ষেপ নয়?’’

তলবের আদেশে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গয়েশ্বর বলেন, “আদালত ডেকেছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই সুযোগে আমরা কথাগুলো তাদের কাছে বলতে পারব। আমি আদালতের পক্ষে কথা বলছিলাম, তাদের বিরুদ্ধে বলিনি।

“অবস্থাটা এমন হয়েছে, যার জন্য করি চুরি, সে বলে চোর।২০ তারিখ আদালতে গিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরে বলব, আপনারা (আদালত) বলুন, আপনারা মুক্ত ও স্বাধীন। বক্তব্য শুনে আদালত যদি মনে করেন আমাকে জেলে যেতে হবে- সেই রায় মেনে নেব।”

গয়েশ্বরকে হাই কোর্টে তলব