সিলেটে বালুর নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদীতে বালু বোঝাই নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টায় নদীর দিদারাইলঘাট এলাকা থেকে বালু শ্রমিক ফয়েজ উদ্দিনের (২৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফয়েজ উপজেলার চারিকাটা ইউনিয়নের বাউরবাগ দক্ষিণ গ্রামের হাবিদুল হকের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, সকাল ৮টায় সারি নদীর উৎস মুখ থেকে আসা বালুবোঝাই একটি নৌকা দিদারাইলঘাট এলাকায় ডুবে যায়।
এ সময় নৌকায় কাজ করা বালু শ্রমিক ফয়েজ নিখোঁজ হন।
অনেক খোঁজাখুজির পর দুপুর ১টায় ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
